মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির গুজব ও অপপ্রচার রোধে মাঠ পর্যায়ে কর্মরতদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এম.পি। গতকাল শনিবার আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে “বঙ্গবন্ধুর সমবায় দর্শন বাস্তবায়নে মাঠ পর্যায়ে করণীয়”শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কর্মকর্তা কর্মচারীদের এই আহবান জানান।
যে আদর্শ যে চেতনা নিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই আদর্শ বাস্তবায়নে আমাদের কাজ করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল একটি সমতা ভিত্তিক বৈষম্যহীন ও দারিদ্যমূক্ত বাংলাদেশ। আজকে আমরা প্রযুক্তিগত শিক্ষায় এগিয়ে যাচ্ছি, চিকিৎসা, অবকাঠামো সহ সকল সূচকে দেশের উন্নয়ন লক্ষ্যনীয়। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দেশ যেন কোনভাবেই দুষ্টুচক্রের হাতে চলে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নতি এখন সারা বিশ্বেই আলোচনার বিষয় । বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিক শক্তিতে পরিণত হয়েছে। জনসেবায় যত্মবান হওয়ার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনবান্ধব নাগরিক সেবা প্রদান প্রজাতন্ত্রের কর্মচারীদের সবচেয়ে বড় দায়িত্ব। দেশটা আমাদের সবার। সমন্নিতভাবে সবাই একই লক্ষ্য, উদ্দেশ্যে নিয়ে কাজ করলে সফলতা আসবেই। বাংলাদেশ উপজেলা সমবায় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. তারিকুল ইসলাম এর সভাপতিত্বে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো.মশিউর রহমান এনডিসি, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড.তরুন কান্তি শিকদার, অতিরিক্ত নিবন্ধক মো: আহসান কবির সহ সমবায় অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।















