নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া সরকারি কোনো কর্মকর্তাকে বদলি করা যাবে না বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তিনি একথা জানান।
ইসি সচিব জাহাংগীর বলেন, তফশিল ঘোষণার পর আজ (বৃহস্পতিবার) থেকে বদলি ও নিয়োগের ক্ষেত্রে আগে থেকে ইসির অনুমতি নিতে হবে।
তফশিল ঘোষণার পর থেকে নিয়োগ, বদলি ও রাজনৈতিক কোনো চাপ অনুভব করছেন কিনা ইসি- এ প্রশ্নের জবাবে সচিব বলেন, আরপিওতে সুস্পষ্টভাবে বলা আছে- নির্বাচনকালীন সরকারের কোন কোন বিষয়গুলো পূর্ব অনুমোদন করতে হবে। সেখানে বলা আছে- জেলা প্রশাসক (ডিসি), ডিএমপি কমিশনার ও তাদের অধস্তন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে ইসির পূর্ব অনুমোদন নিতে হবে। গতকাল (বুধবার) সন্ধ্যায় তফশিল ঘোষণা হয়েছে। তার আগ মুহূর্তের কাজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। তফশিল ঘোষণার পর আমাদের কাজ ।
নির্বাচনী বিধি মোতাবেক মন্ত্রী-এমপিরা আগের মতো কাজ করতে পারবেন কিনা- জানতে চাইলে তিনি স্পষ্টভাবে কিছু বলেননি। উল্লেখ্য, আরপিও-এর ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের সময়সূচি (তফশিল) জারি হওয়ার পর থেকে ফল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত ইসির অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলি না করার বিধান রয়েছে।















