রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল দিলো বিএনপি

আগামী রোববার (১৯ নভেম্বর) থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতাল পালনের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, হত্যা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা।

তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায়, ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফায় অবরোধ পালন করা হয়। ১৫ নভেম্বর (বুধবার) সকাল ৬টা থেকে শুরু হয়েছে পঞ্চম দফায় অবরোধ। শুক্রবার সকাল ৬টায় শেষ হবে এ কর্মসূচি।

Facebook Comments Box