এনামুল আহসান আশিব, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইউএসএআইডি ইকোফিশের আয়োজনে পুষ্টি সাপ্তাহ পালিত হয়েছে। মঙ্গলবার দুপর ২টায় বেতুয়া মৎস্যঘাটে দিবসটি পালন করে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টিগুণে” প্রতিপাদ্য নিয়ে ৯-১৫ মে ২০২৪ থেকে দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রতি বছরের মতো পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ।
সপ্তাহব্যাপী এ আয়োজন উপলক্ষে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইউএসএআইডি’র ইকোফিশ-২, বাংলাদেশ মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে প্রান্তিক পর্যায়ে যৌথভাবে বেশ কিছু সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবার বিষয়ে জনসচেতনতা তৈরিই জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনের মূল লক্ষ্য।
ইউএসএআইডি’র ইকোফিশ-২ প্রকল্পের সাত কর্ম এলাকা কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, চরফ্যাশন এবং পটুয়াখালিতে একটি করে মোট ৭ টি গ্রামে পুষ্টি বিষয়ক সচেতনতা সভার আয়োজন করেছে। প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৩৫০ জন মৎস্যজীবী নারীর সমন্বয়ে এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সচেতনতামূলক অনুষ্ঠানে নির্ধারিত পুষ্টি বার্তা, মা ও শিশুর জন্য বৈচিত্র্যময় পুষ্টিকর খাবার সম্পর্কে উপস্থিত অতিথিগণ বিশদ আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের প্রান্তিক মৎস্যজীবী পরিবারগুলোতে কীভাবে পারিপার্শ্বিক পরিবেশ ও প্রতিকূল পরিস্থিতিতেও পুষ্টিকর খাবার খাওয়া যায়, এ বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে পুষ্টিকর খাদ্য প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের উৎসাহমূলক পুরষ্কার প্রদান করা হয়।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ইকোফিশ-২ এর সদস্যদের মাঝে ৮০০০ হেলদি ফুড প্লেট, এবং পুষ্টি সচেতনতা বিষয়ক ৮০০০ বুকলেট বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে। ইকোফিশ উপকূলীয় মৎস্যজীবী পরিবারের বিকল্প আয়ের সুযোগ তৈরিসহ খাদ্য ও পুষ্টি উন্নয়নে কাজ করছে, সেইসাথে নদী ও সাগরের পরিবেশগত সহনশীলতা বৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণাসহ নানা রকম কার্যক্রম বাস্তবায়ন করছে।
উল্লেখ্য যে, জনগণের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক উন্নয়নের অংশ হিসেবে ১৯৭৪ সালে ‘জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান’ প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ২৩ এপ্রিল ‘বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ’ গঠন করা হয়। ‘বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ’ গঠনের স্মরণে ২৩-২৯ এপ্রিল সাধারণত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয় তবে এবছর বিশেষ কারণে ২৩-২৯ এপ্রিল এর পরিবর্তে ৯-১৫ মে পালিত দেশব্যাপি পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪।
















