ঢাকায় আর অবৈধ রিক্সা চলতে দেওয়া হবে না

ঢাকা শহরে অনিবন্ধিত, অবৈধ রিক্সা আর চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ধাপে ধাপে এসব অনিবন্ধিত, অবৈধ রিক্সা বন্ধ করা হবে। বুধবার ধানমন্ডি ২/এ এলাকায় রিক্সা স্ট্যান্ডের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন। দক্ষিণ সিটি এলাকায় নিবন্ধিত রিক্সা ছাড়া আমরা অন্যান্য সকল রিক্সাকে অবৈধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে মেয়র আরো বলেন, অবৈধ রিক্সা ব্যাটারি চালিত হোক কিংবা অনিবন্ধনকৃত পায়ে চালিত রিক্সা হোক এগুলো ঢাকা শহরে চলতে পারবে না। এই কার্যক্রম একদিনে করা সম্ভব নয়। ধাপে ধাপে কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা এটি বাস্তবায়ন করব। রিক্সা মালিক সমিতিও রাজি হয়েছে যে, নিবন্ধিত রিক্সা ছাড়া ঢাকা শহরে তারা আর কোনো রিক্সা পরিচালনা করবেন না।

রিক্সা মালিক সমিতিই নিবন্ধিত রিক্সা ছাড়া অন্যান্য রিক্সা পরিচালনা বন্ধ করবে জানিয়ে শেখ তাপস বলেন, “এরই মাঝে আমরা রিক্সা নিবন্ধন করেছি। আমরা আরও রিক্সা নিবন্ধন করব। আমরা চাইব, ঢাকা শহরে শুধু বৈধ নিবন্ধনকৃত রিক্সায় পরিচালিত হবে। সেজন্য আমরা রিকশা মালিক সমিতির বসেছি। আজকেও ওনারা উপস্থিত আছেন। তারাও রাজি হয়েছেন, এখন হতে নির্ধারিত স্থান থেকেই তারা রিক্সা সেবা পরিচালনা করবেন। তারই পরিপ্রেক্ষিতে সড়ক নম্বর-২ এর ভেতরে ১০টি রিক্সা রাখার স্থান আমরা নির্ধারণ করে দিব। জায়গাটা রং দিয়ে, স্ট্যান্ড দিয়ে সুন্দর একটি পরিবেশ আমরা করে দিব এবং ওনারাই এটা পরিচালনা করবেন। এ সময় ডেঙ্গু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ডেঙ্গু প্রতিরোধে জাদুকরী কোনো সমাধান নেই। সুনির্দিষ্ট একটি কাজ করলে এডিস মশা পুরোটা বিলুপ্ত হবে, এ ধরনের কোনো সমাধান নেই। আজ পর্যন্ত এ ধরনের কোনো সমাধান সারাবিশ্বে কেউ দিতে পারেনি।

সুতরাং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধের যে স্বীকৃত পদ্ধতি আমাদেরকে সেটিই অনুসরণ করতে হচ্ছে। কিন্তু উৎস নিধনে সফল এবং আরও কার্যকর ও ফলপ্রসূ করতে হলে, জনসচেতনতা বাড়াতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো মিজানুল রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, ত্তত্ত্বাবদায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের ও কাজী বোরহান উদ্দিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিন গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box