নিজের শরীরে আগুন দেয়া সেই ইউসুফের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে দগ্ধ ইউসুফ মির্জার (২৩) মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

ইউসুফ মির্জা পিরোজপুরের মঠবাড়িয়ার হরিনপালা গ্রামের আবুল বাশারের ছেলে। পরিবারের সঙ্গে ফতুল্লার ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার হুমায়ুন কবিরের ভাড়া বাড়িতে থাকতেন।

ইউসুফ মির্জার মা খাদিজা বেগম জানান, তার ছেলে ইউসুফ মানসিক ভারসাম্যহীন। গত ২৩ জুন রাত দেড়টায় ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় ইউসুফ নিজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে যায়। আগুনে তার ছেলের গলা ও বুকসহ শরীরে ২০ শতাংশ পুড়ে যায়। ১২ দিন পর সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করেছি থানায়।

ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু জানান, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চেয়েছেন নিহতের মা। বিষয়টি আমরা দেখছি।

Facebook Comments Box