ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের শতাধিক কর্মীর আপ্রাণ চেষ্টায় দীর্ঘ আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বিজয়নগরে লাগা আগুন। বুধবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এর আগে একই দিন সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটের দিকে বিজয়নগরের ৭১ হোটেলের পেছনের গলিতে থাকা হামিম গ্রুপের ওই ইলেকট্রনিক্স গোডাউনে (টিভি গোডাউন) ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে।
পরে একে একে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ওই সময় পানির সংকট দেখা দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশের বাসা থেকে পাইপ দিয়ে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। যে ভবনে আগুন লাগে সেটি মূলত একটি গোডাউন, যা ভবনের ছাদে টিনশেড দিয়ে ঘেরা। যার ভেতরেই মূলত আগুন লাগে।
দ্রুত আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই টিনশেড ভেঙে ভেতরে পানি দেওয়ার চেষ্টা করেন। সেই সঙ্গে আগুন নেভাতে বড় ক্রেন দিয়ে দ্রুত বেগে পানিও ছোড়া হয়। পাশাপাশি ভবনের রাস্তার দুই দিক থেকে এবং আশপাশের ভবনের ছাদ থেকেও আগুন লাগা ভবনটিতে পানি দেওয়া হয়। একপর্যায়ে দীর্ঘ আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।
এদিকে, রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা জানিয়েছেন, অনুমোদিত ওই ভবনটিতে অপরিকল্পিতভাবে ইলেকট্রনিক্স গোডাউনটি (টিভি গোডাউন) করা হয়েছিল। সেই সঙ্গে পুরো গোডাউনটি টিনশেড দিয়ে করায় এবং কোনো জানালা না থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হয়েছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, ভবনটিতে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। সেই সঙ্গে গোডাউন নির্মাণে কোনো বিধিবিধান মানা হয়নি। এছাড়া ভবনের সিঁড়ির মধ্যে হোটেলের মালামাল (আটা-ময়দা) থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা আরও জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও আজ (বুধবার) সারারাত ফায়ারম্যান ঘটনাস্থল পর্যবেক্ষণ করবেন। তবে এখন পর্যন্ত গোডাউনের সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, স্থানীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বিজয়নগরের এই ভবনে আরও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এক বছর আগে করোনার সময়েও একবার এখানে অগ্নিকাণ্ড ঘটে। এছাড়া তার আগেও আরও আগুন লেগেছিল ভবনটিতে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘এক বছর আগে এই ভবনে আরও একবার আগুন লেগেছিল। তখনও সবকিছু পড়ে যায়। বুঝতেছি না, কেন বারবার এই ভবনে আগুন লাগছে।’
অন্যদিকে, ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তারা কিছু জানাতে পারেননি।















