সকল প্রক্রিয়া শেষ করে সিঙ্গাপুর থেকে মশার লার্ভা ধ্বংসকারী জৈব কীটনাশক বিটিআই আনা হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের সাথে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ টিমের শুক্র ও শনিবার কনফারেন্স হবে। আমাদের কর্মকর্তারা বিশেষজ্ঞ টিমের কাছ থেকে জানবে বিটিআই কীটনাশকটি কিভাবে মিক্সিং হবে, কিভাবে ও কোথায় ব্যবহার হবে। তারপর আগামী রবিবার থেকে কীটনাশক বিটিআই প্রয়োগ করা হবে। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনা সম্পর্কিত মতবিনিময় সভায় সভাপতির বক্ত্যেবে মেয়র এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
ডিএনসিসি থেকে কল সেন্টারের মাধ্যমে নগরবাসীকে কল করে সচেতন করা হচ্ছে উল্লেখ করে মেয়র আরো বলেন, শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে শিক্ষকদের সাথে এবং ইমাম ও খতিবদের সাথে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে সভা করেছি। এখন কাউন্সিলররা ওয়ার্ডে ওয়ার্ডে মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে সভা করছে।
এসময় ম্যাজিস্ট্রেটের পাশাপাশি কীটতত্ত্ববিদ নিয়োগের জন্যও স্থানীয় সরকার মন্ত্রীকে অনুরোধ জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। উল্লেখ্য, ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেন্সিস (বিটিআই) হলো এক ধরনের ব্যাকটেরিয়া। এই জৈবিক লার্ভিসাইড কার্যকরভাবে মশার লার্ভাকে ধ্বংস করে। এর বৈশিষ্ট্য হলো, এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই মানুষের শরীরে। শুধু তা–ই নয়, বিটিআই ব্যবহারে মানুষ, পোষা প্রাণী, জলজ প্রাণী, গবাদি পশু এবং উপকারী পোকামাকড়ের ক্ষতি হয় না। ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়রের উপদেষ্টা ও বিশিষ্ট কীটতত্ত¡বিদ অধ্যাপক ড. কবিরুল বাশার, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী।















