মশা নিধনে উত্তর সিটির বিটিআই কীটনাশক প্রয়োগ শুরু

চলমান মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম বারের মতো বিটিআই কীটনাশক প্রয়োগ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সোমবার ডিএনসিসির অঞ্চল ৩-এর আওতাধীন গুলশান-২ এর ৪৭ নং সড়ক এলাকায় প্রথম বারের মতো এই কীটনাশক ব্যবহার করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেয়র মোঃ আতিকুল ইসলাম। আজ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন উল্লেখ করে এসময় মেয়র বলেন, গত ৪০ বছর ধরে আমরা টেমিফস্ট (কীটনাশক) ব্যবহার করতাম মশক নিধনে। কিন্তু, আমরা দেখেছি অন্যান্য উন্নত বিশ্বে ব্যবহার করছে বিটিআই কীটনাশক।

পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন শহরে এটি ব্যবহার করছে, সিঙ্গাপুরে ব্যবহার করছে, মায়ামি সিটিসহ বিশ্বের অনেক উন্নত দেশে এই বিটিআই ব্যবহার করছে। বিভিন্ন দেশে দেখার পরে আমরা বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে এটা নিয়ে এসেছি। একটি কীটনাশক আনতে সরকারি অনেকগুলো প্রটোকল মেইনটেইন করে আনতে হয়৷ আমরা সকল প্রটোকল মেইনটেইন করে সিঙ্গাপুর থেকে লার্ভা ধ্বংসে কার্যকরী বিটিআই এনেছি। আশা করি এটি ব্যবহারে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী ভ‚মিকা রাখবে।

বিটিআই পরিবেশ রক্ষা করে জানিয়ে মেয়র আরো বলেন, এটি যখন আমরা ব্যবহার করছি, এখানে মাছের কোনো ক্ষতি হবে না, জলজ প্রাণীর ক্ষতি হবে না। এতে লাভটা কী হচ্ছে? লেকে যে মাছগুলো আছে, এগুলোর কোনো ক্ষতি হবে না। পরিবেশের ভারসাম্য রক্ষা করে ক্ষতিকর লার্ভা ধ্বংস করবে। আমরা অতীতে ড্রেনে গাপ্পি মাছ ছাড়তাম। কিন্তু, এই মাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারতাম না। এখন লার্ভাটা মরবে, গাপ্পি মাছগুলা থাকবে। এছাড়া গাপ্পি মাছগুলো আবার লার্ভা খেয়ে ফেলবে। এর ফলে, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করতে সুবিধা হবে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘পুরো প্রয়োগ প্রক্রিয়াটি আমরা কঠোর মনিটরিং এর মধ্যে রাখবো। সঠিক পরিমাণে বিটিআই মিশ্রণ হয়েছে কিনা, সঠিক পরিমাণ জায়গায় প্রয়োগ করা হয়েছে কিনা এগুলো মনিটরিং করা হবে।

এ সময় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. এ.কে.এম শফিকুর রহমান, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে: কর্ণেল মোঃ গোলাম মোস্তফা সারওয়ার, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমদাদুল হক, সিঙ্গাপুর থেকে আগত বিটিআই কীটনাশক বিশেষজ্ঞ লি শিয়াং, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমান, অঞ্চল-০৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জুলকার নায়ন প্রমুখ।

Facebook Comments Box