১০০টি স্মার্ট ডাস্টবিন স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আতিক
যারা শহর ও দেশকে ভালোবাসে তারা যত্রতত্র ময়লা ফেলতে পারে না

যারা শহর ও দেশকে ভালোবাসে তারা যত্রতত্র ময়লা ফেলতে পারে না বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি নগরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলার আহবান জানিয়েছেন। সোমবার ডিএনসিসি’র সম্মুখস্থলে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ডিএনসিসি এলাকায় ১০০টি স্মার্ট ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন দীর্ঘদিন ধরে আমার সাথে পরিচ্ছন্ন শহর গড়ায় কাজ করছে উল্লেখ করে মেয়র আরো বলেন, মিরপুর প্যারিস খাল, মোহাম্মদপুর রামচন্দ্রপুর খালের ময়লা পরিষ্কারে অংশ নিয়েছে। জানতে পেরেছি বিডি ক্লিন ৮ বছর শেষে ৫৮টি জেলা টিম আর ১৫৭ টি উপজেলা টিমের সাথে সক্রিয়ভাবে কাজ করছে ৪৬০০০ এর অধিক সক্রিয় সদস্য। পরিচ্ছন্ন কার্যক্রম করে এতো বড় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশে আর নেই। বিডি ক্লিন দেশকে ভালোবেসে, শহরকে ভালোবেসে পরিচ্ছন্ন কার্যক্রম করে যাচ্ছে।

অনেক শুধু নিজের চিন্তা করে মাঠ,খাল,রাস্তা, বড়-বড় জমি দখল করছে মন্তব্য করে মেয়র আরও বলেন, এমন চিন্তা বাদ দিয়ে আমাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে শুধু নিজেদের না, আমাদের সবাইকে নিয়ে কাজ করার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও চিন্তা করেননি আমার। উনি চিন্তা করেছেন আমাদের। তাই আমরা আজকে বাংলাদেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত-দিন কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর একটি বাসাও ঢাকায় নেই। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আমার বাসা লাগবে না। আমার বাসা আছে গোপালগঞ্জে। এমন প্রধানমন্ত্রী পেয়েছি এটা আমাদের ও দেশের ভাগ্য।

মেয়র বলেন, আমরা খাল থেকে বর্জ্য সংগ্রহ করে প্রদর্শনী করেছি। জানাতে চেয়েছি মানুষ নির্বিচারে কি ধরবের বজ্য ফেলছে। লেপ, তোশক, চেয়ার, টেবিল, কমোডসহ এমন কিছু নেই খালে ও ড্রেনে পাওয়া যাচ্ছে না। অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বিডি ক্লিনের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box