যে কোন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আগে অংশীদারদের মতামত জরুরী

যানজট নিরসনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, এই প্রকল্পের অ্যালাইনমেন্ট ও রেম্পের অবস্থান নির্ধারণে উদ্ভূত জটিলতা নিরসনে সকল অংশীদারদের মতামত এবং তা সমন্বয় জরুরী।

সোমবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সভা কক্ষে ঢাকা মহানগরীতে চলমান সড়ক, রেল ও নৌ পরিবহন অবকাঠামো সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প সমূহের মধ্যে সমন্বয়ের নিমিত্তে গঠিত কমিটির প্রথম সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এ কথা বলেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প রাজধানী ঢাকার যানজট নিরসনে নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, যে কোন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আগে অংশীদারদের মতামত সমন্বয় করা প্রয়োজন।

তাহলে প্রকল্প নিয়ে আর কোন প্রশ্ন উঠার সুযোগ থাকবে না। সকল অংশীদারী প্রতিষ্ঠানসমূহের সহযোগিতামূলক মতামতের ভিত্তিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের অসামঞ্জস্যগুলো সংশোধনের মাধ্যমে প্রকল্পটি জনবান্ধব ও রাজধানীর যানজট নিরসনে কাংখিত ভ‚মিকা রাখবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয় সচিব ডঃ মোঃ হুমায়ুন কবির, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মোঃ মনজুর হোসেন, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ মোঃ মুশফিকুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান মিঞা।

Facebook Comments Box