কুমিল্লা জেলার ভাঙ্গুরা থানার চাপিতলা এলাকায় অটোরিকশার সঙ্গে পুলিশের মোটরসাইকেলের সংঘর্ষে আহত ওই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাজ্জাদুল মান্নান (৪১) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (২ আগস্ট) বিকালে কুমিল্লা জেলার ভাঙ্গুরা থানার চাপিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের পেছনে থাকা কনস্টেবল আলামিন আহত হয়েছেন। তারা দুই জন ডিউটিরত অবস্থায় মোটরসাইকেলে ছিলেন।
পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এএসআই সাজ্জাদুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত সোয়া ৭টায় সময়ে তাকে মৃত ঘোষণা করেন।
আহত কনস্টেবলকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান, একই থানার উপপরিদর্শক (এসআই) পলাশ। নিহত সাজ্জাদুল থানা ব্যারাকেই থাকতেন।















