৭৫টি ওয়ার্ডের মশক নিধন কার্যক্রম সরাসরি মনিটরিং করবে দক্ষিণ সিটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ৭৫টি ওয়ার্ডের মশক নিধন কার্যক্রম সরাসরি মনিটরিং করতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটির করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্ষ্যা হলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের উদ্বোধন করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ডেঙ্গু রোগ প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের সব কার্যক্রম নগর ভবন থেকে লাইভ মনিটরিং করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্রে (শীতলক্ষ্যা হলে) বিশেষ কন্ট্রোল রুমের কার্যক্রম শুরু হবে। কন্ট্রোল রুমের কার্যক্রম শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে। বিগত বছরের মতো এবারও ডিএসসিসির মেয়র নিজে কন্ট্রোল রুমে উপস্থিত থেকে বিভিন্ন ওয়ার্ড, অঞ্চলের মাঠ পর্যায়ে এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম লাইভ মনিটরিং করবেন।

এসময় মেয়র বলেন, তারা কীভাবে কাজ করছে তা দেখার পাশাপাশি কন্ট্রোল রুম থেকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হবে। কোনো ভবন, স্থাপনা বা স্থানে মশকের প্রজননের উপযোগী পরিবেশ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণ ২০২১ সাল হতে আমরা নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে আমাদের এই কার্যক্রম তদারকি করে চলেছি উল্লেখ করে মেয়র আরো বলেন, আমরা ২০২১ সালে এক মাসের জন্য নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছিলাম। ২০২২ সালে যখন এটা বৃদ্ধি পেল তখন আমরা তা দুই মাসে বর্ধিত করে। ২০২২ সালে আমরা দেখেছি যে, এডিস মশার বিস্তৃতিটা আশ্বিন মাস পর্যন্ত বর্ধিত হয়েছে। সেজন্য ২০২৩ সালের কর্মপরিকল্পনায় আমরা তিন মাসব্যাপী এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করার সিদ্ধান্ত নিয়েছি। তারই ফলশ্রুতিতে আমরা এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছি। সূচি অনুযায়ী আমরা পহেলা শ্রাবণ থেকে থেকে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করলেও এবার সেদিন বন্ধ থাকায় আমরা তার ২ দিন আগেই চালু করলাম।

মেয়র এ সময় ঢাকাবাসীকে ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে ফোন দিয়ে এডিস মশার প্রজননস্থল বা লার্ভা সম্পর্কিত তথ্য জানাতে অনুরোধ করেন। এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box