তালগাছের মালিকানা কেন্দ্র করে বড় ভাইকে হত্যা

ময়মনসিংহের নান্দাইলে তালগাছের মালিকানা কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই জসিম উদ্দিনের (৬৫) লাঠির আঘাতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামে এ ঘটনা ঘটে।

তবে নিহত পরিবারের অভিযোগ জসিম উদ্দিনকে প্রকাশ্য দিবালোকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন মৃত আব্দুল গফুরের পুত্র। জসিম উদ্দিনের তিন ভাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবত জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে বাড়ির পুকুরপাড়ে অবস্থিত তালগাছের মালিকানা নিয়ে জসিম উদ্দিন ও ছোট ভাই বাহার উদ্দিনের সঙ্গে বাগবিতণ্ডা ঘটে।

এ সময় নিহত জসিম উদ্দিনের পুত্রবধূ শরীফা তালগাছের শুকনো ডাগোয়া (কাণ্ড) পাড়তে গেলে বাহার উদ্দিনের স্ত্রী সোমা আক্তার বাধা প্রদান করেন। পরে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ছোট ভাই বাহার উদ্দিন তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বড় ভাই জসিম উদ্দিনের মাথায় আঘাত করেন। এতে জসিম উদ্দিন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা জসিম উদ্দিনকে দ্রুত নান্দাইল উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের পুত্র আজিজুল ইসলাম জানান, বাড়িতে একা পেয়ে তারা আমার বাবাকে বাঁশের লাঠি দিয়ে কৌশলগত আঘাত করে খুন করেছে। আমি খুনিদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

অপরদিকে ঘটনার পর থেকে বাহার উদ্দিনসহ তার পরিবারের লোকজন বাড়ি ছাড়া রয়েছেন। নান্দাইল মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, ভাইদের মধ্যে গোলযোগ ছিল বলে জানতে পেরেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে। এছাড়া বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box