যানজট রীতিমতো একটি চ্যালেঞ্জ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ঢাকার যানজট মূলত সমস্যা নয়, এটি রীতিমতো একটি চ্যালেঞ্জ। ফলে এ সংকট নিরসনে দরকার সমন্বিত ব্যবস্থাপনা। তিনি বলেন, ঢাকায় পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা রয়েছে। গতকাল ওয়াশিংটন ডিসির বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে দু’দিনের ট্রান্সপোর্টেশন সামিটের প্রথমদিন শেষে এসব কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ঢাকায় মানুষ আসছে জানিয়ে মেয়র আরো বলেন, যারা অধিকাংশই রিকশা চালক কিংবা হকার হিসেবে কাজ করছে। এদের নিয়ন্ত্রণ রীতিমতো একটি চ্যালেঞ্জ, তাই দরকার সমন্বিত ব্যবস্থাপনা। তিনি বলেন, আমাদের লক্ষ্য মেগাসিটির গণপরিবহন ব্যবস্থার সংকট উত্তরণের উপায় ও জ্বালানি সাশ্রয়ী আগামীর পরিবহন ব্যবস্থা চালু করা। ঢাকায় মেট্রোরেল চালু হয়েছে, বাস রুটে র‌্যাশনালাইজেশনের মাধ্যমে সিটি বাস সার্ভিসকে নিয়মের মধ্যে আনার চেষ্টা চলছে। পরবর্তী ধাপে ঢাকার রাস্তায় জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা রয়েছে। মেট্রোরেলের স্টেশনকেন্দ্রিক করিডোর ব্যবস্থাপনার জন্য ডিএনসিসিকে প্রায় ১৬০০ কোটি টাকার ঋণ সহায়তা দিবে বিশ্বব্যাংক।

ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনসংখ্যা ঘনত্ব উল্লেখ করে মেয়র আরো বলেন, ঢাকার জনসংখ্যার ঘনত্ব ৪৯০০/বর্গ কিমি। জলবায়ু পরিবর্তনের কারণে ঢাকা শহরে প্রতিদিন প্রায় ২ হাজার জন মানুষ প্রবেশ করছে। যা মেনটেইন করা বেশ কষ্টকর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় প্রায় দেড় কোটি মানুষের জন্য মাত্র ৭% রাস্তা রয়েছে। যেখানে দরকার ন্যূনতম ২৫%। ঢাকার রাস্তায় যানবাহনের গড় গতি ঘন্টায় মাত্র ৬ কিলোমিটার ফলে উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে।

Facebook Comments Box