ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দর্শক নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আবু হানিফ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই সংগর্ষের ঘটনা ঘটে। এতে আরো চারজন আহত হন।

আহতদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি মেম্বর আব্দুল মালেক গনমাধ্যমকর্মীদের জানান, শুক্রবার বিকালে আলামপুর গ্রামে কৃষক বনাম ব্যাবসায়ীদের প্রীতি ফুটবল খেলা চলছিল। খেলার শেষ পর্যায়ে তুচ্ছ ঘটনা নিয়ে খেলোয়াড়দের মাঝে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে দর্শক সারিতে বসে থাকা ব্যক্তিরাও বাদানুবাদে জড়িয়ে পড়ে। লাঠিসোটা, ইটপাটকেল ও লোহার রড নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে আবু হানিফসহ ৫জনকে আহত অবস্থায় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে হানিফ মারা যায়।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রমিজ উদ্দীন জানান, নিহত হানিফের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি জানান, সন্ধ্যার পর পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহে নিয়ে গেছে। মহেশপুর থানার ওসি খোন্দকার শামিম উদ্দীন খবর নিশ্চিত করে জানান, ফুটবল খেলা নিয়ে সৃষ্ট সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box