২০২৩-২৪ অর্থবছরে ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এবার ১৩৯৬ কোটি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বাজেটে মশা নিধনে মোট ৪৬ কোটি ৭৫ লাখ বরাদ্দ রাখা হয়েছে। সোমবার ডিএসসিসি নগরভবন মিলনায়তনে চলতি অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এর আগে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে করপোরেশনের পরিষদের করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
বাজেট বক্তব্যে শেখ ফজলে নূর তাপস বলেন, ২০২২-২৩ অর্থবছরে আমরা ১ হাজার ৩১ কোটি ৯৭ লাখ টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছি। ফলে অনেক উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য আমাদের প্রকল্পনির্ভর হতে হয়নি। নিজস্ব অর্থায়নেই আমরা প্রায় ৩৯০ কোটি ১৬ লাখ টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
ঢাকাবাসীকে আরও বৃহৎ পরিসরে সেবা দিতে চাই উল্লেখ করে মেয়র আরো বলেন, সেজন্য আমাদের আরও বেশি আর্থিক সক্ষমতা অর্জন করতে হবে। ফলে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ১ হাজার ৩৯৬ কোটি ৮৫ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শেখ তাপস বলেন, ২০২৩-২৪ অর্থবছরে গৃহকর বাবদ ৫১২ কোটি, বাজার করা সালামি বাবদ ২০০ কোটি, বাজার ভাড়া বাবদ ৪০ কোটি, বিজ্ঞাপন কর বাবদ ৩০ কোটি, বাস-ট্রাক টার্মিনাল ইজারা থেকে ৩০ কোটি, অস্থায়ী পশুর হাট ইজারা বাবদ ৩০ কোটি, ইজারা (টয়লেট, পার্কিং, কাঁচাবাজার, ভাগাড় ইত্যাদি) বাবদ ৩০ কোটি, রাস্তা খনন ফিস বাবদ ৬৫ কোটি, সম্পত্তি হস্তান্তর কর খাতে ১৭৫ কোটি, মোবাইল টাওয়ার থেকে আয় বাবদ ৯ কোটি ৫৩ লাখ টাকা, মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সেতু থেকে ১৫ কোটি, সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের ভাড়া বাবদ ১০ কোটি, যন্ত্রপাতি ভাড়া বাবদ ৫ কোটি টাকা আয় করা যাবে বলে আমরা আশা করছি। তিনি বলেন, এছাড়াও সরকারি মঞ্জুরি থোক থেকে ৪০ কোটি ও সরকারি বিশেষ মঞ্জুরি বাবদ ২৫ কোটি এবং ডিএসসিসি, সরকারি ও বৈদেশিক সহায়তামূলক প্রকল্প খাতে ৪ হাজার ৪৫৮ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ প্রাপ্তির প্রত্যাশা করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এগিয়ে চলার পথে সরকারের যথাযথ আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
মেয়র বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫৬৫ কোটি ৬৬ লাখ টাকা। উল্লেখযোগ্য ব্যয়ের খাতগুলোর মধ্যে বেতন ভাতা বাবদ ৩০০ কোটি, বিদ্যুৎ, জ্বালানি, পানি ও গ্যাস বাবদ ৭৯ কোটি, মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ ২৮ কোটি ৮৪ লাখ টাকা, সরবরাহ বাবদ ৬০ লাখ ৬৯ কোটি, মশক নিধনে ব্যবহৃত কীটনাশক বাবদ ৩৮ কোটি ৫০ লাখ, ভাড়া, রেটস ও কর খাতে ১১ কোটি ২৫ লাখ, কল্যাণমূলক ব্যয় বাবদ ১৩ কোটি ৮৭ লাখ, বিজ্ঞাপন ও প্রচারণা বাবদ ৪ কোটি ৬০ লাখ, ফিস বাবদ ৯ কোটি ৭৫ লাখ এবং বর্জ্য ব্যবস্থাপনা বাবদ ৩০ কোটি ২ লাখ টাকা ব্যয় করা হবে। এসময় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ কাউন্সিলররা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















