নৌকা ডুবে নিখোঁজ ৪: এক শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় বিলে নৌকা ডুবে নিখোঁজ চার জনের মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম জান্নাতুল ফেরদৌস (৪)। বুধবার (৯ আগস্ট) বিকালে উপজেলার চরতি ইউনিয়নের বিলে একটি গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন স্থানীয়রা।

নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন তিন জন। তারা হলেন– সানজিদা আক্তার আদিরা (৪), শহিদুল ইসলাম (৩) এবং তাদের নানা আবদুর রহিম।

মঙ্গলবার বিকালে সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের সুইপুরা বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। লাশ উদ্ধার হওয়া জান্নাতুল ফেরদৌস এবং নিখোঁজ শহিদুল ভাই-বোন। সানজিদা তাদের খালাতো বোন।

সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুহুলুল্লাহ চৌধুরী বলেন, ‘মঙ্গলবার বিকালে নৌকায় করে যাওয়ার সময় বিলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার জন নিখোঁজ হয়। তাদের মধ্যে জান্নাতুল ফেরদৌস নামে এক শিশুর লাশ আজ বিকালে উদ্ধার করেন স্থানীয় লোকজন। বাকি তিন জন এখনও নিখোঁজ। স্বজন-গ্রামবাসী তাদের সন্ধানে চেষ্টা করছেন।’

নিখোঁজ শিশু সানজিদার বাবা আরিফুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে সানজিদা দক্ষিণ চরতী এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। বিকালে নৌকায় করে মেয়ে খালাতো বোন ও নানাসহ নিজ বাড়িতে ফেরার পথে চরতি বিলে নৌকা ডুবে যায়। এরপর থেকে চার জন নিখোঁজ হয়।

Facebook Comments Box