বিদেশি বন্ধুরা বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা ভুলে গেছেন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিদেশি বন্ধুরা হয়তো ভুলে গেছেন বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা। যখন হিন্দু ধর্মাবলম্বী ও বিরোধী দলের নেতাকর্মীর ওপর নির্মম নির‌্যাতন হয়েছিল, তখন বিদেশি বন্ধুরা এর প্রতিবাদ জানিয়েছিলেন। আজকে তারাই সুষ্ঠু নির্বাচনের কথা বলে বিএনপিকে সমর্থন দিচ্ছেন। বর্তমান সরকার সংবিধানের বাইরে কোনো নির্বাচন করবে না; যা হবে সংবিধান মেনেই করতে হবে।

বুধবার দুপুরে ঝালকাঠির মদন মোহন আখড়াবাড়ি মন্দির চত্বরে জন্মাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদে থাকে। তাই আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহবান জানিয়েছেন দলের এই প্রবীণ নেতা।

মদন মোহন আখড়াবাড়ি মন্দিরের সভাপতি তপন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক অসীম কুমার সাহা ও সাধারণ সম্পাদক তরুণ কর্মকার। অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় নেতারা বক্তব্য দেন।

Facebook Comments Box