সাংবাদিকদের উপর নির্যাতন মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন সচেতন নারী সাংবাদিকরা। ৩ নভেম্বর (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে এসব কথা বলেন দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকরা। মানববন্ধনে যোগ দেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা। গত ২৮শে অক্টোবর বিএনপির রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই মানববন্ধণ আয়োজিত হয়।
মানববন্ধনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, যারা সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যমের কাজই হলো সংবাদ প্রকাশ করা। এমন অন্যায় আচরণ করলে সাংবাদিকরা ভবিষ্যতে বিএনপির সংবাদ সম্মেলন প্রচার থেকে বিরত থাকবে বলেও জানান তিনি।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, গত ২৮ অক্টোবর যে হামলা হয়েছে, সেটি নজিরবিহীন। এরই মধ্যে সে হামলা নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। সেই বিভ্রান্তি থেকে জাতিসংঘ পর্যন্ত রক্ষা পায়নি। এটি একটি পরিকল্পিত হামলা ছিল। কিন্তু এখন বিএনপি ও এর মিত্ররা এটি নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এজন্য আমাদের এ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখতে হবে, চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এরা বিচারের কাঠগড়ায় না দাঁড়ায়।
তিনি আরও বলেন, আমরা তিনটি দাবি জানিয়েছি। প্রথমত, সাংবাদিকদের ওপর কারা হামলা চালিয়েছে, টেলিভিশনের ফুটেজ দেখে সেটি চিহ্নিত করতে হবে। দ্বিতীয়ত, সাংবাদিকদের ওপর হামলার জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে। তৃতীয়ত, যেসব সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে। মানববন্ধনে নিউজ নাউ বাংলার সম্পাদক শামীমা আক্তার দোলার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক লাবণ্য ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সূর্য বার্তা টুয়েন্টিফোর এর সম্পাদক সুমি খাঁন, সিনিয়র সাংবাদিক নাসিমা আক্তার সোমা, দৈনিক ভোরের কাগজের ডেপুটি চিফ রিপোর্টার ঝর্ণা মনি, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার শাহনাজ শারমিন, সাংবাদিক নেতা মানষ ঘোষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সিনিয়র সাংবাদিক আঙ্গুর নাহার মন্টি, সাপ্তাহিক পঙক্তির সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কার্য নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস পান্না, বিবার্তা২৪.নেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি ও গণমাধ্যম ব্যক্তিত্ব এফ এম শাহীন সহ টেলিভিশন, প্রিন্ট ও অনলাইনের বিভিন্ন সংবাদকর্মীরা।
















