ঝিনাইদহের শৈলকুপায় ছানুয়ার কাজী (৬০) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। ছানুয়ার কাজী রামচন্দ্রপুর গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে। তিনি সংসার ত্যাগী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মেয়ে জোসনা খাতুন জানান, ‘সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন তিনি। দীর্ঘদিন তিনি সংসার ত্যাগ করে সাধু বেশ ধারণ করে রামচন্দ্রপুর বাজারে বসবাস করতেন। আত্মহত্যার কোনো কারণ তারা খুঁজে পাচ্ছেন না। তাদের ধারণা তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের ভাতিজা কাজী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি সকালে লোক মুখে জানতে পারি মেহগনি বাগানের মধ্যে একটি লাশ পাওয়া গেছে, গিয়ে দেখি আমার চাচার লাশ মাটিতে পা লুটিয়ে গাছের সাথে ঝুলেছে এবং পা থেকে রক্ত বের হচ্ছে।’ কেউ তাকে অন্য জায়গায় হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে গেছে বলে ভাতিজা দাবী করেন।
শৈলকুপার ওসি ঠাকুর দাস মন্ডল জানান, ‘ঘটনাস্থল থেকে আমরা তার লাশ উদ্ধার করেছি, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা না কি আত্মহত্যা। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি জিডি হয়েছে।














