সামনে নির্বাচন, সবাইকে সচেতন থাকতে হবে

সামনে জাতীয় নির্বাচন। তাই সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলেই আপনারা ভালো থাকবেন, আমরা ভালো থাকবো, আমাদের সন্তানরা ভালো থাকবে, এই দেশ ভালো থাকবে।

সোমবার রাজধানীর বনানী কড়াইল বস্তিতে নারীদের মধ্যে বিনামূল্যে স্বয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মেয়র এ কথা বলেন। চীন এর বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশ (ইউএনডিপি) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে প্রায় ১৫০০ সয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণ কর্মসূচির অংশ হিসেবে কড়াইল বস্তিতে প্রায় ৭০ জন নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে এবং তাদের স্বাবলম্বী করতে এই সেলাই মেশিন গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে উল্লেখ করে মেয়র আরো বলেন, স্বয়ংক্রিয় এই সেলাই মেশিনটির মাধ্যমে নারীরা বিভিন্ন ডিজাইনের পণ্য তৈরি করে চাইলে অনলাইনেও বিক্রি করতে পারবে। অনলাইনে পণ্য বিক্রির সুযোগ থাকায় অনেক অর্থ খরচ করে দোকান দেয়ার প্রয়োজন নেই। চীন সরকারের অর্থায়নে ইউএনডিপি নারীদের আর্থিক স্বচ্ছতা সৃষ্টির জন্য বিনামূল্যে সেলাই মেশিন সরবরাহ করছে। এটির মাধ্যমে একটি পরিবারের আর্থিক সমস্যা দূর হওয়া সম্ভব হবে।

চীন ও বাংলাদেশের মধ্যে চমৎকার সুসম্পর্ক বিদ্যমান উল্লেখ করে মেয়র আরো বলেন, চীনের এই ধরনের উদ্যোগের ফলে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। ইউএনডিপি বিভিন্ন কমিউনিটির বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা নিয়ে কাজ করে। এটি দারুণ বিষয়। এর ফলে টেকসই সমাধান নিশ্চিত হয়। ইউএনডিপি অনেকগুলো বস্তিতে টয়লেট নির্মাণ করেছে, বৃক্ষরোপণ করেছে। সংস্থাটি প্রথমবারের মতো সাততলা বস্তিতে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করেছে। ডিএনসিসির আওতাধীন এলাকায় ইউএনডিপি’র নানা কর্মসূচির জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও চলমান থাকবে বলে বিশ্বাস করি। ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘ইউএনডিপি বাংলাদেশসহ বিশ্বের প্রায় আরও ১৭০টি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে।

বাংলাদেশের সাথে ইউএনডিপি শুধু আজকে নয় সেই ২০১৭ সালেও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সংস্থাটি কাজ করেছে। বন্যায় রোগাক্রান্ত অসংখ্য মানুষের জন্য ওষুধ সরবারাহ করেছে। ডিএনসিসিতে ইউএনডিপি একটি ইনোভেশন ল্যাব স্থাপনের জন্যও কাজ করছে। অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলর মোঃ নাছির এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আমেনা বেগম প্রমুখ।

Facebook Comments Box