কেমিক্যাল গুদামে আগুন, বিস্ফোরণে ফায়ারকর্মীসহ দগ্ধ ৫

গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

দগ্ধরা হলেন—ফায়ার ফাইটার মো. শামীম আহম্মেদ (৪২), মো. নুরুল হুদা (৪০), মো. জয় হাসান (২৮), অফিসার জান্নাতুল নাঈম (৩৫) এবং স্থানীয় হার্ডওয়্যারের দোকানী আল-আমিন বাবু (২২)।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে টঙ্গী বিসিক শিল্পনগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় ব্যবহৃত সেমি পাকা টিনশেড কেমিক্যালের গুদামে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে তিনটার দিকে হঠাৎ গুদামে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। একপর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়ে ফায়ার সার্ভিসের তিন ফায়ার ফাইটার, একজন অফিসার ও এক স্থানীয় দোকানী দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকায় বার্ন ইউনিটে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন–৩-এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করে, পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্তের পর বলা যাবে।’

Facebook Comments Box