চরফ্যাশনে কোস্টের উন্নয়ন কাজে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে কোস্ট ফাউন্ডেশনের বৈধভাবে ক্রয়কৃত জমিতে উন্নয়নমূলক কাজে বাধা, জমি দখলের চেষ্টা ও সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মি:কোস্ট ফাউন্ডেশনের চরফ্যাশন কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি এই উন্নয়ন সংস্থা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোস্ট ফাউন্ডেশনের ভোলা অঞ্চলের টিম লিডার রাশিদা বেগম। তিনি জানান,দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নে উনসত্তর শতাংশ জমি ২০২১ সালে ‘চার্চ অব বাংলাদেশ’র কাছ থেকে ৩২ লাখ টাকায় ক্রয় করা হয়। ওই জমিতে গত ১৮ এপ্রিল ‘কোস্ট রিসোর্স ও বালাইনাশক প্রদর্শনী ও প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণকাজ শুরু হলে একটি স্বার্থান্বেষী মহল তাতে বাধা সৃষ্টি করে।

লিখিত বক্তব্যে তিনি জানান, অভিযুক্ত ব্যক্তিরা ৬ মে সংস্থার বিরুদ্ধে “ভিত্তিহীন ও মানহানিকর” তথ্য ছড়িয়ে এলাকাঢ মানববন্ধন ও র‍্যালি করেছে এবং নির্মাণকাজে বিঘ্ন ঘটাচ্ছে। এ ঘটনায় ১৯ এপ্রিল দক্ষিণ আইচা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে ।

সংবাদ সম্মেলনে ১৮ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে কোস্ট ফাউন্ডেশনের জমি দখলের চেষ্টা ও উন্নয়নকাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।

বক্তারা দাবি করেন, স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে একাধিকবার আলোচনা হলেও প্রতিপক্ষ তাদের দাবির পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। উপকূলীয় অঞ্চলে দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনাকারী একটি সংস্থার প্রকল্পে বাধা দেওয়া “অসৎ উদ্দেশ্যপ্রণোদিতবলেও মন্তব্য করেন তারা।

কোস্ট ফাউন্ডেশন দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ, উন্নয়নকাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে সংস্থার কর্মকর্তাসহ স্থানীয় জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box