দুই ছেলেসহ বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা

ভোলা প্রতিনিধি:

Last Updated on: May 19, 2026

ভোলার চরফ্যাশন শহরে ৫৫ বছরের পুরোনো একটি দোকান ভিটা জোরপূর্বক দখল, দোকান মালিককে মারধর এবং চাঁদা দাবির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. ছালাম বাদী হয়ে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর সি আর-৫০৩/২৬ (চর)। গত সোমবার (১১ মে) দায়ের করা মামলায় আসামি করা হয়েছে মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, তাঁর ছেলে মো. ফাহাদ হোসেন মালতিয়া ও মো. আরাফাত হোসেন মালতিয়াকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল দুপুরে চরফ্যাশন শহরের পূর্ব বাজারের কাপুড়িয়া পট্টি এলাকার পৌর ৪৭৮ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত বাদীর দোকানে গিয়ে আসামিরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দোকানের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দোকানটি দখলে নেওয়া হয় বলেও মামলায় বলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, টাকা না দিলে দোকান আর খুলতে দেওয়া হবে না বলে হুমকিও দেওয়া হয়। বর্তমানে দোকানটি তালাবদ্ধ রয়েছে।

বাদী মো. ছালাম অভিযোগ করেন, ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইলেও রাজনৈতিক প্রভাবের কারণে কোনো সমাধান করা সম্ভব হয়নি। থানায় মামলা করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হন।

এদিকে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফজাল হোসেন নালিশি দরখাস্ত আমলে নিয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারা অনুযায়ী দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিন কার্যদিবসের মধ্যে মামলা গ্রহণ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, দোকান ভিটার মালিক তাঁর প্রয়াত পিতা ওয়াহেদ আলী মালতিয়া। তাঁর দাবি, দীর্ঘদিন বেআইনিভাবে জায়গাটি দখল করে রেখেছে তারা।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, আদালতের আদেশ থানায় পৌঁছেছে। নির্ধারিত সময়ের মধ্যে এফআইআর গ্রহণ ও তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

Facebook Comments Box