বাসা বাড়িতে ডেঙ্গুর লার্ভা পেলে জরিমানা

বাসা বাড়িতে ডেঙ্গুর লার্ভা পেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। তিনি বলেন, এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য ১০ জন ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে কর্পোরেশনের যোগদান করেছেন। তাদের মাধ্যমে আমরা দ্রুত কাজ শুরু করব। শনিবার নগরীর নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালীর উদ্বোধন কালে প্রশাসক একথা বলেন ।

ঢাকা সিটির ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন ঢাকা গ্রীন ঢাকা গঠনে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীর পাশাপাশি নাগরিকের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই ঢাকাকে ক্লিন এবং গ্রীন রাখার জন্য ঘোষণা দিয়েছেন এবং ঘোষণা বাস্তবায়নের জন্য অনুশাসন জারি করেছেন । অনুশাসন জারির পর উত্তর সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে এবং ঢাকা শহরকে ডেঙ্গু মুক্ত এবং মশা নিয়ন্ত্রণে রাখার জন্য স্কুল কলেজের মধ্য দিয়ে প্রতি সপ্তাহে এ কার্যক্রম চলমান আছে এবং অব্যাহত আছে ।

প্রশাসন জানান, শুধু সিটি কর্পোরেশন নয় প্রতিটি পাড়া মহল্লা,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে । গত ১৫ জুলাই ঢাকা উত্তর সিটির সকল স্টেক হোল্ডার, প্রতিটি সোসাইটির মালিক সমিতিসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী,প্রতিমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে বিভিন্ন ডিপার্টমেন্টের সচিব ও পুলিশ কমিশনারসহ সকলকে নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে সচেতনতা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে । তিনি জানান, ২৮ শে জুলাই আমরা স্কুলে প্রোগ্রাম করেছি এবং তার ধারাবাহিকতায় আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হলো । চলার পথে আপনার হাতে থাকা টিস্যু , হাতে থাকা ছোট পানির কন্টেনার থাকে, একটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন উল্লেখ করে প্রশাসক বলেন, আপনার নিজেই দেখবেন চলার পথে রাস্তার আশেপাশে টিস্যু থাকবে না, বিচ্ছিন্নভাবে কোন আবর্জনা আপনারাও দেখতে পাবেন না, আমরা চাই একটা সুন্দর নগর উপহার দিতে ।

প্রশাসক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোন স্থাপনা কিংবা ডেঙ্গুর লার্ভা পাওয়া যাবে কিংবা বাসা বাড়ির সামনে যারা ইচ্ছাকৃতভাবে ময়লা ছেড়ে রাখবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ১০ জন ম্যাজিস্ট্রেট অলরেডি নিয়োগ দিয়েছি ।

অনুষ্ঠানে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্যকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box