ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা, তারেক রহমানের সফর চূড়ান্ত হয়নি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শুক্রবার সংবাদমাধ্যম রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন তারেক রহমানের প্রেস সচিব এ এ এম সালেহ।

এর আগে ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়, তারেক রহমান আগামী ২৩ থেকে ২৫ আগস্ট নয়াদিল্লি সফর করবেন। তবে ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, সফরের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম নয়াদিল্লি সফর হওয়ার কথা। ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারত সফরটি নিয়ে আলোচনা চালিয়ে আসছে।

২০২৪ সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। সেই সম্পর্ক স্বাভাবিক করতেও ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে।

রয়টার্সকে তারেক রহমানের প্রেস সচিব এ এ এম সালেহ বলেন, সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি জানান, শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে তারেক রহমানের সফর নিয়ে কোনো মন্তব্য করেননি।

Facebook Comments Box