১২১ কেজি স্বর্ণ দান করে দিলেন দম্পতি

ভারতের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশ্যে ১২১ কেজি ওজনের স্বর্ণালংকার দান করেছেন চেন্নাইয়ের এক জৈন দম্পতি, যার বাজারমূল্য ২০৬ কোটি রুপি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে মন্দির কর্তৃপক্ষের কাছে এই বিপুল পরিমাণ স্বর্ণ হস্তান্তর করা হয়।

বর্ধমান জৈন ও রাধিকা জৈন দম্পতি আনুষ্ঠানিকভাবে তিরুমালা তিরুপতি দেবস্থানমসের (টিটিডি) পুরোহিত ও প্রতিনিধিদের হাতে এই মূল্যবান অলংকারগুলো তুলে দেন। দান করা সামগ্রীর মধ্যে হীরাখচিত স্বর্ণালংকারও রয়েছে, যা এটিকে মন্দিরের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য দানে পরিণত করেছে।

অনুষ্ঠান শেষে বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই অনুদানকে ভক্তির এক অসাধারণ নিদর্শন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘ভগবান ভেঙ্কটেশ্বরের প্রতি ২০৬ কোটি রুপি মূল্যের স্বর্ণালংকার দান করা একটি ব্যতিক্রমী ঘটনা। দেবতার প্রতি গভীর ভক্তি ও বিশ্বাসের জায়গা থেকেই এই জৈন দম্পতি এগিয়ে এসেছেন। এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

Facebook Comments Box