শিক্ষিত বেকারত্ব কমাতে উচ্চশিক্ষাকে প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে প্রতিবছর সার্টিফিকেট নির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ার অন্যতম কারণ। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৩শ’য়ের বেশি কলেজের অধ্যক্ষরা আজকের সম্মিলনে উপস্থিত হয়েছেন। দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা আলোকবর্তিকার মতো। অধ্যক্ষরা শুধু একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন, তারা প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকদর্শী, একাডেমিক নেতৃত্বের কেন্দ্র এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি। তাদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশের অনেক কিছু নির্ভর করে।
















