রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে জেলার পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) বিদ্যুৎ উপকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপের পর তিন রাউন্ড গুলি ছোড়ে। পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে মতিহার থানার খড়খড়ি এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্র (অভিযোগ কেন্দ্র) কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। হামলার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয় এবং চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে।
হামলায় উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। সেখানে দায়িত্বরত লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ওই উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
















