জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করবেন না

আগামী নির্বাচন বিএনপির জন্য একটি কঠিন পরীক্ষার নির্বাচন বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল জানিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে।

শুক্রবার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের দ্বিতীয় দিন রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, ‘আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল। বিএনপি গত সতের বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে, তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

তারেক রহমান বলেন, ‘জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে।’

Facebook Comments Box