ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম নেদারল্যান্ডসের শহরগুলোর খালের আদলে ঢাকার খালগুলোর উন্নয়ন করতে চাই। নেদারল্যান্ডসের শহরগুলোতে দেখেছি, সেখানে দৃষ্টিনন্দন খাল। খালগুলোতে নৌযান চলাচল করছে। বুধবার রাজধানীর গুলশান নগর ভবন ডিএনসিসি মেয়রের কার্যালয়ে ডিএনসিসির আওতাধীন কল্যাণপুর খালের টেকসই উন্নয়নের লক্ষ্যে ডিএনসিসি এবং ডাচ ওয়াটার সেক্টর কনসোর্টিয়াম-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন এর উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
জলাবদ্ধতা নিরসনে নেদারল্যান্ডসের উত্তম কার্যক্রমের মডেল ও অভিজ্ঞতা আমাদের জন্য সহায়ক হবে উল্লেখ করে এসময় মেয়র আরো বলেন, এই চুক্তির মাধ্যমে নেদারল্যান্ডসের কারিগরি ও আর্থিক সহযোগিতায় কল্যাণপুর খালের সমন্বিত টেকসই উন্নয়ন সম্ভব হবে। জলাবদ্ধতা নিরসন, স্যানিটেশন ব্যবস্থাপনাও নিশ্চিত হবে। দুই দেশের সম্পর্ক উন্নয়নে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা তুলে ধরেন। =রাষ্ট্রদূত বলেন, ‘জলাধার ব্যবস্থাপনায় নেদারল্যান্ডস ও বাংলাদেশ দীর্ঘদিনের অংশীদার। নেদারল্যান্ডস বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এবং পানি অবকাঠামো উন্নয়নে অন্যান্য অনেক উদ্যোগের গর্বিত অংশীদার। এই প্রকল্পটি একটি টেকসই এবং জলবায়ু সহনশীল ভবিষ্যতের দিকে একটি নতুন যাত্রা চিহ্নিত করবে।
উল্লেখ্য, সিডিআর ইন্টারন্যাশনাল, এইচকেভি, উইটভিন অ্যান্ড বস, ওশানবাউন্ড, রেড অরেঞ্জ লিমিটেড ও আইডি ড্রেজিংয়ের সমন্বয়ে গঠিত “ডাচ ওয়াটার সেক্টর কনসোর্টিয়াম” ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম এবং সিডিআর ইন্টারন্যাশনাল বিভি বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক সিপ্রিয়ান হেনড্রিক্স সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে ঢাকার জন্য জলবায়ু সহনশীল, প্রকৃতি-ভিত্তিক, ঝড়ের মাধ্যমে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন – কল্যাণপুর খাল প্রকল্প এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মোঃ মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান প্রমুখ।
















