ঢাকায় বাগান বা কৃষির জন্য পর্যাপ্ত জায়গা নেই বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, ডিএনসিসি উদ্যোগে ছাদ কৃষির প্রদর্শনী করা হবে। মঙ্গলবার গুলশান ডিএনসিসি নগর ভবনের সভাকক্ষে কর্পোরেশনের আওতাধীন এলাকায় রিবেটযোগ্য ছাদবাগানকারী/বৃক্ষরোপনকারীদের যোগ্যতা ও বাছাই পদ্ধতি নির্ধারণ এবং মশক বাহিত রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে নীতিমালা প্রণয়ন বিষয়ক এক সভায় এই মেয়র এ কথা জানান।
ভবনের ছাদই কৃষির জন্য একটি বড় ক্ষেত্র হতে পারে উল্লেখ করে মেয়র আরো বলেন, কোন ছাদে বাগান বা কৃষি থাকলে সেই ছাদে উঠতে ভাল লাগে। এর মাধ্যমে তাজা ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। এটি বিল্ডিংয়ের তাপমাত্রা কমাতেও সহায়তা করে। ছাদ কৃষি পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ভূমিকা রাখে। ঢাকায় অনেকে ছাদ কৃষি করছে। আরও উৎসাহিত করতে আমরা ছাদ কৃষি নিয়ে প্রদর্শনীর আয়োজন করবো। আগামী নভেম্বর মাসে প্রদর্শনীর আয়োজন করার জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন তিনি।
ছাদবাগান করলে ১০% কর ছাড়ের ঘোষণা দিয়ে ছিলাম উল্লেখ করে মেয়র বলেন, আমাদের প্রস্তাবের প্রেক্ষিতে মন্ত্রণালয় সকল সিটি কর্পোরেশনের জন্য পরিকল্পিত ছাদ বাগানের উপর কর ছারের অনুমোদন দিয়েছে। বিশেষজ্ঞদের নিয়ে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। রিবেটযোগ্য ছাদবাগানকারী/বৃক্ষরোপনকারীদের যোগ্যতা ও বাছাই পদ্ধতি নির্ধারণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন হলে হোল্ডিং ট্যাক্স ছাড় পাবে নগরবাসী। সভায় উপস্থিত ছিলেন চ্যানেল আই’র প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। সভায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সঞ্চালনায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মোঃ মঈন উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কে জে এম আব্দুল আউয়াল, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল বাকীসহ ডিএনসিসির সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
















