রাজধানীর প্রতিটি ভবনে সেপটিক ট্যাংক ও এসটিপি বাধ্যতামূলক করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নদী ও খাল দূষণমুক্ত করে ঢাকাকে সবুজ এবং আধুনিক নগরীতে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এজন্য প্রতিটি ভবনে সেপটিক ট্যাংক ও স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন বাধ্যতামূলক করার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, কার্যকর সুয়ারেজ ব্যবস্থাপনা ছাড়া নগরীর দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয় এবং শুধু ড্রেজিং করে বা দায় এড়িয়ে এ সমস্যা সমাধান হবে না। বুধবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘নির্মিত/নির্মাণাধীন ভবনসমূহে সেপটিক ট্যাংক/এসটিপি স্থাপন’ বিষয়ক অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এ নির্দেশ দেন।

ঢাকা শহরের হাসপাতাল, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ সব ধরনের স্থাপনার জন্য এসটিপি স্থাপন কোনোভাবেই কঠিন কাজ নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, উৎস থেকে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নদী–খাল দূষণমুক্ত করা কঠিন হলেও তা অসম্ভব নয়। রিজওয়ানা হাসান বলেন, শুধু ড্রেজিং করে, কিংবা দায় এড়িয়ে সমস্যা সমাধান সম্ভব নয়। সমন্বিত উদ্যোগ নিতে হবে, তবেই রাজধানীর পরিবেশ রক্ষা করা যাবে।

তিনি দীর্ঘমেয়াদি ভিশন, কার্যকর গভর্নেন্স এবং আইনগত সংস্কারের ওপর জোর দেন। আশা প্রকাশ করেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আইন সংশোধন ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ঢাকা একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে। তিনি আরও বলেন, নগরীর ছাদবাগান, সড়ক বিভাজকে সবুজায়ন এবং পার্ক সংরক্ষণকে গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে ভবন নির্মাণে সেপটিক ট্যাংক ও এসটিপি স্থাপন বাধ্যতামূলক করার বিধান কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মতিন। এছাড়া রাজউকের সদস্য (পরিকল্পনা) মো. গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন। প্রারম্ভিক উপস্থাপনা দেন রাজউকের উপনগর পরিকল্পনাবিদ সাঈদ রেজাউল হক। বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ডাইকি এক্সিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুই ওয়াসে এবং প্রধান নির্বাহী শফিকুল ইসলাম। সভায় অংশগ্রহণকারীরা মত দেন, কার্যকর সেপটিক ট্যাংক এবং এসটিপি বাস্তবায়নই ঢাকাকে টেকসই ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের মূল হাতিয়ার হতে পারে।

Facebook Comments Box