ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঊনসত্তরের গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ফার্মগেটের ঐতিহাসিক শহীদ আনোয়ারা উদ্যানসহ ঢাকার অন্যান্য উদ্যান দখলমুক্ত করে জনগণের নিকট ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়েছেন, ‘ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান রক্ষা আন্দোলন’ এর নেতৃবৃন্দ। শনিবার ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান চত্ত্বরে ‘ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান রক্ষা আন্দোলন’ এর ব্যানারে সংহতি সমাবেশে বক্তারা এ আহবান জানান।
সমাবেশে বক্তারা বলেন, এই এলাকায় আর বাণিজ্যিক কাঠামো তৈরি না করে উদ্যানটি পুনরুদ্ধার করে জনগণের নিকট ফিরিয়ে দিতে হবে। না হলে কঠোর আন্দোলনের মাধ্যেমে আমাদের দাবি আদায় করা হবে। সমাবেশে শহীদ আনোয়ারা উদ্যান থেকে মেট্রোরেলের নির্মাণ সামগ্রী অপসারণ করে উদ্যানটি পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করার জন্য ‘ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান রক্ষা আন্দোলন’ এর পক্ষ থেকে আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষকে ৩০ (ত্রিশ) দিনের আল্টিমেটাম ঘোষণা করেন।
প্রাণ-প্রকৃতি বিষয়ক লেখক ও গবেষক পাভেল পার্থর সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক সৈয়দা রত্না, তরুণ নগর পরিকল্পনাবিদ রাকিবুল রনি, শিক্ষা আন্দোলনের নেতা রুস্তম আলি খোকন, মানবাধিকার কর্মী শিরিন হক, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত দে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স (বিআইপি) এর সভাপতি আদিল মুহাম্মদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক অধ্যাপক আকতার মাহমুদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক আলমগীর কবির, ফার্মগেট এলাকাবাসীর পক্ষ থেকে খান আসাদুজ্জামান মাসুম, নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী সিম্মল ধূলিসহ অনেকে। সমাবেশে সংহতি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী, ধানমন্ডি সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি (বেলা), বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স (বিআইপি), নারীপক্ষ, বারসিক, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), পরিজা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন।
















