রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত ইউক্রেনে অন্তত ১০ হাজার ৭৪৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিসের যুদ্ধাপরাধ বিভাগের প্রধান ইউরি বেলোসভ এ দাবি করেছেন।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেনকে দেওয়া এক সাক্ষাৎকারে বেলোসভ বলেন, রুশ হামলায় নিহতদের মধ্যে ৪৯৯ জন শিশু রয়েছে। এখন পর্যন্ত আহত হয়েছেন ১৫ হাজার ৫৯৯ জন।
বেলোসভ আরও জানান, ইউক্রেনে রাশিয়ান বাহিনীর দ্বারা সংঘটিত ৯৮ হাজার যুদ্ধাপরাধের রেকর্ড রয়েছে তাদের হাতে।
এর আগে ৭ জুলাই রুশ হামলায় ইউক্রনে নিহত মানুষের সংখ্যা প্রকাশ করে জাতিসংঘ। আন্তর্জাতিক সংস্থাটি জানায়, পাঁচ শতাধিক শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে অধিকৃত দক্ষিণ ইউক্রেনের অস্থায়ী কারাগারে আটক বিপুলসংখ্যক বন্দির ওপর নির্যাতন ও যৌন সহিংসতা চালাচ্ছে রুশ বাহিনী।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল তাদের সর্বশেষ অনুসন্ধানের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তারা বলছে, রুশ বাহিনীর এ কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
মোবাইল জাস্টিস টিমের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, খেরসন অঞ্চলের ৩৫টি স্থানে ৩২০টি মামলা এবং সাক্ষীর বিবরণ বিশ্লেষণ করেছে এ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এসব বিশেষজ্ঞদের অর্থ দিয়েছে ওই প্রতিবেদন তৈরির জন্য।















