এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে খালি জায়গায় আমরা শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থাসহ সুন্দর গণপরিসর করে দেয়া হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, সেখানে তথ্য ও সংবাদ চিত্রের উন্মুক্ত প্রদর্শনীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। ছবি ও তথ্য সেই সঠিক ইতিহাসের কথা বলবে। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস থাকবে উল্লেখ করে মেয়র আরো বলেন, লাল সবুজের পতাকা অর্জনের জন্য বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের যে ত্যাগ ও সংগ্রাম সেটিই বাংলাদেশের প্রকৃত ইতিহাস। বঙ্গবন্ধুর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস একদিনের নয়। দীর্ঘ সময় তিনি দেশের জন্য সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, তেজগাঁও এলাকায় বিপুল সংখ্যক ট্রাক রাস্তা দখল করে রাখে। আমি আসলে চলে যায়, আমি চলে গেলে আবার আসে। অনেকটা টম এন্ড জেরির মতো। এই সমস্যা সমাধানের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ইতিমধ্যে জমি পেয়েছি। তেজগাঁওয়ে বিটিসিএল এবং গৃহায়ণ কর্তৃপক্ষের প্রায় ১৫ বিঘা জমি ডিএনসিসিকে দেয়া হয়েছে। আমরা দ্রুতই সেখানে একটি আধুনিক ট্রাক স্ট্যান্ড নির্মাণ করবো। তেজগাঁওয়ে রাস্তা দখল করে যত্রতত্র ট্রাক রাখা স্থায়ীভাবে বন্ধ হবে।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ এমপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকাজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবন্য, সাকুর হোসেন সাকু, হাবিবুর রহমান হাবিব এবং দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু প্রমুখ।
















