গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশী লোকদের হত্যা ও জুলুম-নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনিগত ১৮ ডিসেম্বর যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে ৩ জন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেন।
বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় বিএসএফের হত্যা ও জুলুম-নির্যাতনের বার বার প্রতিবাদ জানানো সত্ত্বেও ভারত সরকার তাতে কোনো রকম কর্ণপাত করছে না উল্লেখ করে তিনি আরো বলেন, ভারতীয়দের এহেন আচরণে প্রমাণিত হচ্ছে যে, তারা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় না। বাংলাদেশের সাথে ভারতের এ ধরনের বৈরী আচরণ কারো জন্যই কল্যাণকর হবে না। ভারতের এ ধরনের উস্কানিমূলক ও হঠকারী আচরণ অবিলম্বে বন্ধ করার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।
















