বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো:খোরশেদ আলমকে মারধরের অভিযোগ উঠেছে সবুজবাগ থানার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুজ্জামান খান লিটনের বিরুদ্ধে। গত ৮ মার্চ ১০/১ রাজারবাগের নিজ বাসার সামনেই বিএনপি নেতা লিটন তার সহযোগী যুবদল নেতা রয়েল, পলাশ, মামুন, সোভা সহ আরো অন্তত ৩০- ৪০ জন অনুসারী নিয়ে খোরশেদ আলমকে মারধর করে বলে অভিযোগ করেছেন স্ত্রী রুবি আলম । তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কিছুদিন আগে এলাকাবাসী স্বাক্ষর করে মতিঝিলের ডিসিকে ( উপ-পুলিশ কমিশনার) রাজারবাগ এলাকার রাস্তায় ভ্যান না বসানোর জন্য দরখাস্ত করেন। এতে আমার স্বামীরও স্বাক্ষর ছিলো। শনিবার ( ৮ মার্চ ) হঠাৎ করে লিটন (বিএনপি ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ) দলবল নিয়ে আমার স্বামী ও ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে সকলের সামনে ব্যাপক মারধর করে। আমরা পুলিশকে অভিযোগ করেছি। বিএনপির বড় নেতাদেরও বিচার দিয়েছি। এখন আমার স্বামী বিছানা থেকে উঠতে পারে না। আমি এর বিচার চাই।
এদিকে একই দিন বিএনপি নেতা লিটনের প্রধান সহযোগী পলাশের বিরুদ্ধে স্থানীয় যুবদলকর্মী আরিফুল ইসলামকে গুলি করে হত্যা করার হুমকির অভিযোগ উঠেছে। এ নিয়ে আরিফুল ইসলাম সবুজবাগ থানায় সাধারণ জিডি করেছেন। জিডি নাম্বার ৫২২, ০৮/০৩/২০২৫ ইং।
জানা গেছে রাজারবাগ এলাকায় রাস্তায় মধ্যে ভ্যান বসিয়ে চাদাঁবাজির অভিযোগ রয়েছে বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে। এলাকাবাসী যানজটের কারণে সবুজবাগ থানা পুলিশের সহযোগীতায় রাজারবাগ এলাকার রাস্তায় ভ্যান বসানো বন্ধ করে দিলে ক্ষিপ্ত হয়ে উঠে লিটন।















