আবু সিদ্দিক,ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার জনতাবাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। বুধবার কলেজ মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা, ইসলামি গজল ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ইউনুস শরীফ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর আদর্শ অনুসরণ করলে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও পরমতসহিষ্ণুতা বিকশিত হবে। নতুন প্রজন্মের মাঝে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক ছালাউদ্দিন সুমন, সহকারী অধ্যাপক আবদুর রহমান, সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিন, সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন, সহকারী অধ্যাপক হাসানুজ্জামান ও সহকারী অধ্যাপক কামরুল ইসলাম।
পরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ মো. ইউনুস শরীফ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
















