ঘুমন্ত বাবাকে হত্যা

শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতুড়ির আঘাতে বাবা আবুল কালাম আজাদ নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে সাজিদ হোসেনকে (২৭) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙা বানিয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদ পানের ব্যবসা করতেন। তার দুই ছেলে এক মেয়ে। মেয়ে ১০ বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ হয়। বড় ছেলে জাহিদ (২৯) ঢাকায় পানের ব্যবসা করেন। ছোট ছেলে সাজিদ ঢাকার একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। আবুল কালাম আজাদ ছেলের কাছেই থাককেন। ১০/১২ দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন তিনি। গত বুধবার রাতে তার ছেলে সাজিদও বাড়িতে আসেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে রহস্যজনক কারণে বসত ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ঘুমন্ত বাবা আবুল কালাম আজাদকে হত্যা করেন সাজিদ। পরে আশপাশের লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে এসে সাজিদকে আটক করে। পরে পুলিশ এসে সাজিদকে আটক করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

আটক সাজিদের স্ত্রী নুপুর আকতার বলেন, তাদের দুই মেয়ে। কিছুদিন ধরে তার স্বামী মানসিকভাবে অসুস্থ। নিজেই আত্মহত্যার কথা বলতেন তিনি। ঢাকা থেকে না বলেই বাড়িতে আসেন তিনি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। কী কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি। আমাদের তদন্ত চলছে।

Facebook Comments Box