ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকান্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও অন্যায়ভাবে হত্যাকান্ড ক্রমাগতভাবেই বাড়ছে বলে জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি ৬ ডিসেম্বর ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি যুবককে অন্যায়ভাবে গুলি চালিয়ে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকান্ড ঘটায়। ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা বারবার ঘটলেও একটি হত্যাকান্ডেরও তদন্ত ও বিচারকাজ সম্পন্ন হয়নি। ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের অন্যায় হত্যাকান্ডের বিচার না হওয়া খুবই উদ্বেগজনক।
বাংলাদেশের জনগণ সব সময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা আশা করব ভারত সরকার ভারত-বাংলাদেশ সীমান্তে অনাকাক্সিক্ষত হত্যাকাণ্ড বন্ধ করবে। জাতিসঙ্ঘের অধীনে ভারত-বাংলাদেশ সীমান্তে সকল বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনার আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবি করছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
















