কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী ভিলেজারপাড়া এলাকা হতে ৫ কৃষককে অপহরণ করেছে বলে জানা গেছে। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
অপহৃত ৫ কৃষক হলেন- ফকির মোহাম্মদের ছেলে মো. রফিক, শাহজাহানের ছেলে জিহাদ, ছৈয়দ উল্লাহর ছেলে শাওন, আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ নুর ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান।
অপহৃত রফিকের পিতা ফকির মোহাম্মদ জানান, প্রতিদিনের মতো রাতে আমার ছেলে রফিক পাহাড়ের পাদদেশে কৃষিখেত চৌকি করতে যায়। কিন্তু রমজানের রোজা রাখার জন্য প্রতি রাত ৩টায় বাড়িতে অন্যান্য সহকর্মীদের সঙ্গে চলে আসেন। আজ সেহেরি শেষ হলেও সে খেত থেকে বাড়িতে না আসায় সকালে তাকে খুঁজতে যায় পরিবারের সদস্যরা। পরে দেখি তার পায়ের স্যান্ডেল ও কাপড় পড়ে রয়েছে।
তিনি আরও জানান, পাশের খেত চৌকি করা অপরাপর কৃষকেরা নাকি দেখেছেন রাতে পাহাড়ে অবস্থানরত অপহরণ চক্রের সদস্যরা এসে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের পাহাড়ের দিকে নিয়ে যায়; যা তারা দূর থেকে দেখলেও অস্ত্রের ভয়ে তারা কিছু করতে পারেননি। অপহৃতরা যেন নিরাপদে বাড়িতে ফিরে আসতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, যারা অপহরণের শিকার হয়েছেন তারা অত্যন্ত গরিব মানুষ। কৃষিকাজ করে তাদের জীবন সংসার চলে। তবে অপহরণ বাণিজ্য বন্ধে প্রশাসনের জোরালো অভিযান দাবি করছি।
টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গণী জানান, আমি খবর শুনে ঘটনাস্থলে একজন অফিসারসহ পুলিশের টিম পাঠিয়েছি। তারা কাজ করছেন। তবে এখনো অপহরণ হওয়া পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।
















