খালে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, খাল দখলদাররা নিজ দায়িত্বে দখলমুক্ত করে দিবেন। আমরা যখন উচ্ছেদ অভিযান শুরু করবো তখন কিন্তু সময় পাবেন না। আগামী শুক্রবার প্যারিস খাল পরিষ্কার অভিযান শুরু করবো। সিটি কর্পোরেশনের কর্মী, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী এবং এলাকাবাসীকে নিয়ে এই খাল পরিষ্কার করবো। ময়লা ও দখলমুক্ত করে মিরপুর প্যারিস খাল আগের রুপে ফেরানো হবে। বুধবার মিরপুর ১১ তে প্যারিস খাল পরিদর্শন শেষে মেয়র এসব কথা বলেন।
খাল পরিষ্কার হলে মেয়র এবং কাউন্সিলররা কিন্তু এর সুফল ভোগ করবে না উল্লেখ করে মেয়র আরো বলেন, এর সুফল ভোগ করবে এলাকাবাসী। আপনাদের সকলের জন্যই এই খাল পরিষ্কার করা হবে। শুক্রবার থেকে খাল পরিষ্কারকরণ শুরু হবে। আমি নিজেও আসব, আশা করছি এলাকাবাসী আমাদের সঙ্গে থাকবে।
ডিএনসিসি মেয়র বলেন, একসময় প্যারিস খাল দিয়ে নৌকা চলতো, এই খালে মানুষ সাতার কাটতো। সবাই নির্বিচারে ময়লা ফেলে খাল ভরাট করে ফেলেছে। পরিবেশকে আমরা ধ্বংস করে ফেলেছি। পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, এই এলাকার বাড়িঘর ডুবে যায়। কারণ এই খাল দিয়ে পানি প্রবাহিত হতে পারে না। ময়লা ফেলে খালটিকে ধ্বংস করে ফেলেছে। অথচ এই এলাকার মানুষই অভিযোগ করছে জলাবদ্ধতার বিষয়ে। ঐতিহ্যবাহী এই প্যারিস খাল পুনরুদ্ধারে আমি এলাকাবাসীর সহযোগিতা চাই।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা পর্যায়ক্রমে একের পর এক অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান করছি। এর আগে আমরা লাউতলা খাল, রামচন্দ্রপুর খাল উদ্ধার করেছি। দীর্ঘ ৪০ বছর পর সূতিভোলা খাল উদ্ধার করেছি। গত সপ্তাহে মোহাম্মদপুরে জাকের ডেইরি ফার্মের অবৈধ দখল থেকে ডিএনসিসির জমি উদ্ধার করেছি। নগরের অন্যান্য খালগুলো যেভাবে সংস্কার করা হয়েছে, এখানেও তাই করা হবে। ঢাকার যেসব খাল এভাবে দখল করা হয়েছিল, সবগুলোই কিন্তু ধীরে ধীরে আমরা উদ্ধার করেছি। খাল উদ্ধারের পর খালের পাশে ওয়াকওয়ে করা হবে, সাইকেল লেন করা হবে। স্থায়ীভাবে এসবের সমাধান করা হবে।
পরিদর্শনকালে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মুহঃ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ০৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল মোস্তফা, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হুমায়ুন রশিদ (জনি) প্রমুখ।
















