খালের অবৈধ স্থাপনা বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দিলো উত্তর সিটি

পূর্ব ঘোষণা অনুযায়ী মোহাম্মদপুরের লাউতলা ও রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এসময় অবৈধ স্থাপনা বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। এতে ডিএনসিসির পাশাপাশি পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ১৫ শতাধিক কর্মী। তাদের সঙ্গে খালে নেমেছেন মেয়র আতিকুল ইসলামও। শুক্রবার বছিলার লাউতলা খালে মেয়রের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, যারা খালে ময়লা ফেলে তাদের মস্তিষ্কে ময়লা আছে, তাদের মনে ময়লা আছে বলেই তারা এভাবে খালে ময়লা ফেলতে পারে। এর আগে বছিলার পুলিশ লাইন মাঠে বিডি ক্লিনের ১৫ শতাধিক স্বেচ্ছাসেবীদের শপথ বাধ্য পাঠ করান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। শপথ বাক্যের একাংশে তারা বলেন, কোথাও যত্রতত্র ময়লা ফেলব না। অন্যরা যেন ময়লা না ফেলে সে বিষয়ে সচেতন করব।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ময়লা ও দখলমুক্ত করে রাজধানীর খালগুলোর আগের রূপে ফেরানো হবে। পরিবেশকে আমরা ধ্বংস করে ফেলেছি। পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, রাস্তা ঘাট ডুবে যায়। কারণ খাল দিয়ে পানি প্রবাহিত হতে পারে না। ময়লা ফেলে খালগুলোকে ধ্বংস করে ফেলেছে। খাল পুনরুদ্ধারে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই। উত্তর সিটি করপোরেশন এলাকায় খাল দখল করে কোন অবৈধ স্থাপনা থাকবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

Facebook Comments Box