দক্ষিণ সিটিতে একটি উচ্চ মানের বিদ্যালয় আত্মপ্রকাশ করবে 

দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একটি উচ্চ মানের বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে জানিয়েছেন, মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মাঠে আয়োজিত পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলে নূর তাপস এ কথা জানান।

পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় একটি অবহেলিত বিদ্যালয় ছিলো উল্লেখ করে মেয়র আরো বলেন, এই বিদ্যালয়ে পাঠদানের কোনো অনুমতি ছিলো না। আমরা পাঠদানের ব্যবস্থা করেছি। প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেছি। আমরা নিজস্ব জমিতে একটি চারতলা আধুনিক ভবন নির্মাণ করছি। এ বছর হতে নবনির্মিত এই ভবনেই আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তাই, পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় অচিরেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একটি উচ্চ মানের বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আমরা আশবাদী।

পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় অচিরেই একটি উচ্চ মানের বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে উল্লেখ করে মেয়র আরো বলেন, এখন থেকে নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। ২০০৬ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়নি। আমাদের সন্তানদেরকে আরো চৌকস, মেধাবী, বুদ্ধিদীপ্ত এবং ক্রীড়া অনুরাগী হিসেবে গড়ে তুলতে এখন থেকে প্রতি বছরই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। আমরা চাই, আমাদের সন্তানেরা শুধু শিক্ষায় নয়, ক্রীড়া-সংস্কৃতি সকল ক্ষেত্রেই এগিয়ে যাক। তারা নিজেদেরকে স্মার্ট বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির হিসেবে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম বক্তব্য রাখেন। এছাড়া, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু সাঈদ, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box