চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী চরফ্যাশন উপজেলার ওমরপুর গ্রামের রিয়াজের ছেলে তারেকের জানাজা আজ ৪ সেপ্টেম্বর সকাল ৯ টায় সম্পন্ন হয়েছে।
উপজেলার ওমরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শাজওয়াল বাড়ির বাড়ির দরজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় হাজার হাজার মানুষের ঢল নেমে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় গত ৫ ই আগষ্ট ওমরপুর ৯ নং ওয়ার্ডের সাজওয়াল বাড়ির রিয়াজ সাজওয়ালের বড় ছেলে মোঃ তারেক পুলিশের গুলিতে ঢাকায় শাহাদাত বরণ করলেও দীর্ঘদিন ধরে তার লাশ পাওয়া যায়নি।
পরিবারের সকল সদস্যরা ঢাকার বিভিন্ন হাসপাতালে বিভিন্ন থানায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার অফিসে খোঁজখবর নিতে থাকেন। বিভিন্ন স্থানে খোজ নেওয়ার পরে গত ১ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের মর্গে তার লাশ শনাক্ত করেন তারেকের নিকটাত্মীয়রা।!
গতকাল ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাযা আজ সকাল ৯ টায় তাঁর বাড়ি সংলগ্নে অনুষ্ঠিত হয়েছে।
তারেক ওমরপুর ইউনিয়নের একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করে ঢাকায় উচ্চতর শিক্ষা অর্জন করার জন্য গিয়েছিলেন।
বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিতে গিয়ে তিনি পুলিশের গুলিতে নিহত হন। তারেকের বাবা রিয়াজ জানান তারেক ছিল তাদের পরিবারের একমাত্র সহায় সম্বল তারেককে হারিয়ে তারা এখন দিশেহারা তাদের পরিবারের হাল ধরার মতো আর কেহই থাকলো না। তিনি সরকারের কাছে তার ছেলের হত্যার বিচার চান।
















