নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ওপর দুষ্কৃতকারীদের বর্বরোচিত হামলা এবং তাকে গুরুতর আহত করার ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।
বুধবার দলটির সহ দপ্তর সম্পাদক অ্যাড. মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মির্জা ফখরুল বিবৃতিতে আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান এবং তার আশু সুস্থতা কামনা করেন।
গত ৬ সেপ্টেম্বর বিকাল ৪টায় শান্তি সমাবেশে যোগদানের জন্য শীতলক্ষ্মা নদী পার হয়ে নবীগঞ্জ কমিউনিটি সেন্টারে পৌঁছালে একদল সশস্ত্র দুষ্কৃতকারী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হন।















