পানি দূষণ রোধে ভবনের পয়োঃবর্জ্যরে সংযোগ বন্ধ করা হবে

পানি দূষণ রোধ করতে ভবনের পয়োঃবর্জ্যরে সংযোগ বন্ধ করা হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুরে বাউনিয়া ও উত্তরার খিদির খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, গুলশান, বনানী, বারিধারা সোসাইটির নেতৃবৃন্দের দ্রুত সময়ের মধ্যে প্রতিটি বাড়িতে পয়োঃবর্জ্যরে সঠিক ব্যবস্থাপনার জন্য ইটিপি স্থাপন করতে বলা হয়েছে। তিনি আরো বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার ও খননের উদ্যোগ নেওয়া হয়েছে। খালের খনন ও পরিষ্কার এবং অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা একসাথে চলমান। খালের উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে দৃশ্যমান। এসময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থপতি ফজলে রেজা সুমন এবং খালের খনন ও পরিষ্কার কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট নৌবাহিনীর কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান। জানা গেছে, দুই সিটি এলাকার মোট ১৯টি খাল সংস্কার কর্মসূচি নেয়া হয়েছে। গত ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রথম ধাপে ৬টি খাল সংস্কারের মাধ্যমে কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোর সংস্কার কাজ সম্পন্ন করা হবে। ৬টি খালের মধ্যে রয়েছে ডিএনসিসি এলাকার ৪টি খাল: বাউনিয়া, কড়াইল, রূপনগর ও বেগুনবাড়ি এবং ডিএসসিসি এলাকার ২টি খাল: মান্ডা ও কালুনগর। খাল সংস্কার কার্যক্রমের মধ্যে সীমানা নির্ধারণ, খাল পরিষ্কার, পাড় সংরক্ষণসহ ব্লু নেটওয়ার্ক নির্মাণ করা হবে।

Facebook Comments Box