বিকল হওয়া বাসের ৩ যাত্রী ট্রেনে কাটা পড়ে নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এএসআই তৈয়ব বলেন, ‘মারা যাওয়া তিন জন বাসযোগে নাটোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে বিকল হয়ে পড়ে। পরে তারা ট্রেনলাইনে গিয়ে অবস্থান করছিলেন। একপর্যায়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিন জন মারা যান। তাদের মধ্যে একজন ছয় বছরের শিশু এবং দুজনের বয়স ২৭ থেকে ৩০ বছরের মধ্যে। নিহতদের মধ্যে দুজন নাটোর এবং একজন রাজশাহীর বাসিন্দা।’

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন একই পরিবারের সদস্য। লাশ উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।’

Facebook Comments Box